তেলের দাম বৃদ্ধি, ব্যাঙ্কিং শেয়ারে বিক্রির চাপ, টানা তৃতীয় দিন ধাক্কা শেয়ার বাজারে

File Photo

অপরিশোধিত তেলের দামে উল্লেখযোগ্য উত্থান এবং ব্যাঙ্কিং সেক্টরের শেয়ারগুলিতে ব্যাপক বিক্রির চাপের জেরে বুধবারও ধাক্কা খেল দেশের শেয়ার বাজার। টানা তৃতীয় দিনের মতো দরপতন অব্যাহত থাকল সেনসেক্স ও নিফ্টিতে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাবে ডলারের তুলনায় আরও দুর্বল হল ভারতীয় মুদ্রা।

বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক সেনসেক্স ৭১৫.০৬ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ নেমে ৭৬,৭৫৫.০৫ পয়েন্টে বন্ধ হয়। লেনদেন চলাকালীন এক সময়ে সূচকটি ৮২৮.৯২ পয়েন্ট পর্যন্ত পড়ে ৭৬,৬৪১.১৯ পয়েন্টে নেমে আসে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফ্টি ১৯১.৪৫ পয়েন্ট হারিয়ে ২৩,৯৯৬.২৫ পয়েন্টে দিনের লেনদেন শেষ করে।

বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি ব্যাঙ্কিং সেক্টরের শেয়ারগুলিতে লাভ তুলে নেওয়ার প্রবণতা বাজারে বিক্রির চাপ আরও বাড়িয়েছে।


বিশ্ববাজারে বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ৪.৬৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫.২৭ ডলারে পৌঁছেছে। তেলের এই মূল্যবৃদ্ধি ভারতের মতো আমদানি নির্ভর অর্থনীতির জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। কারণ, এর সরাসরি প্রভাব পড়ে আমদানি ব্যয়, মূল্যস্ফীতি এবং চলতি হিসাবের ঘাটতির উপর।

অন্যদিকে, তেলের মূল্যবৃদ্ধি এবং ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার জেরে নিরাপদ সম্পদের চাহিদা বাড়ায় ডলারের বিপরীতে আরও দুর্বল হয়েছে টাকা। দিনের শেষে ডলারের দাম ৩৪ পয়সা বেড়ে (সাময়িক হিসাবে) দাঁড়িয়েছে ৯৬.৫৯ টাকা। বাজার পর্যবেক্ষকদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতির উন্নতি না হলে আগামী কয়েক দিনেও শেয়ার বাজার এবং টাকার উপর চাপ অব্যাহত থাকতে পারে।