তিন বছর পর ফের পেটিএমের ওয়ালেট ব্যবসায় ফেরার পথ খুলল, আরবিআইয়ের সবুজ সংকেত

প্রায় তিন বছর পর ফের ডিজিটাল ওয়ালেট ব্যবসায় ফেরার পথে পেটিএম। দীর্ঘ অপেক্ষার পর রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) কাছ থেকে ডিজিটাল ওয়ালেট পরিষেবা চালুর জন্য নীতিগত অনুমোদন পেল সংস্থাটি। শুক্রবার স্টক এক্সচেঞ্জে ফাইলিং করে এই খবর জানিয়েছে পেটিএমের মূল সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশনস। তবে চূড়ান্ত অনুমোদন পাওয়ার আগে কেন্দ্রীয় ব্যাঙ্কের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে সংস্থাকে।

পেটিএম জানিয়েছে, তাদের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী সংস্থা পেটিএম পেমেন্টস সার্ভিসেস লিমিটেডকে (পিপিএসএল) এই অনুমোদন দিয়েছে আরবিআই। এর ফলে চূড়ান্ত ছাড়পত্র সাপেক্ষে ডিজিটাল ওয়ালেট-সহ প্রিপেইড পেমেন্ট পরিষেবা চালু ও পরিচালনার পরিকাঠামো তৈরি করতে পারবে সংস্থাটি।

তবে অনুমোদনের ক্ষেত্রে একাধিক শর্ত বেঁধে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। আগামী ছয় মাসের মধ্যে সাইবার নিরাপত্তা নিরীক্ষা-সহ সম্পূর্ণ ব্যবস্থার নিরীক্ষা শেষ করে তার রিপোর্ট জমা দিতে হবে পিপিএসএলকে। নির্ধারিত সময়ের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে না পারলে নীতিগত অনুমোদন বাতিল হয়ে যাবে।

কেন বন্ধ হয়েছিল পেটিএমের ওয়ালেট পরিষেবা?


নিয়ম লঙ্ঘনের অভিযোগে ২০২৪ সালের জানুয়ারি মাসে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের (পিপিবিএল) বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছিল আরবিআই। নতুন করে আমানত ও ঋণ গ্রহণের পাশাপাশি ওয়ালেটে টাকা ভরার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ২০২৪ সালের মার্চ থেকে সেই নির্দেশ কার্যকর হওয়ায় পেটিএমের একাধিক পরিষেবা ব্যাহত হয়।

পরিস্থিতি সামাল দিতে অন্য ব্যাঙ্কের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে নিজেদের পেমেন্ট পরিষেবা নতুন করে সাজাতে বাধ্য হয় সংস্থা। এরপর ২০২৬ সালের এপ্রিল মাসে পরিচালন ও ব্যবস্থাপনাগত উদ্বেগের কারণ দেখিয়ে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে আরবিআই। জুলাই মাসে ব্যাঙ্কটি গুটিয়ে ফেলার নির্দেশ দেয় দিল্লি হাই কোর্ট।

মুনাফায় বড় লাফ পেটিএমের

পেমেন্টস ব্যাঙ্কের উপর নির্ভরতা কমিয়ে গত কয়েক বছরে নিজেদের ব্যবসায়িক কাঠামোয় একাধিক পরিবর্তন এনেছে পেটিএম। মার্চেন্ট পরিষেবা এবং আর্থিক পরিষেবার পরিধিও বাড়িয়েছে সংস্থাটি।

তারই প্রতিফলন দেখা গিয়েছে সাম্প্রতিক আর্থিক ফলাফলে। সেপ্টেম্বর ত্রৈমাসিকে পেটিএমের সমন্বিত নিট মুনাফা বেড়ে হয়েছে ২২৫ কোটি টাকা। আগের বছরের একই ত্রৈমাসিকে এই অঙ্ক ছিল ২১ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে দশ গুণেরও বেশি।

অন্যদিকে, সংস্থার পরিচালন আয় ২৮ শতাংশ বেড়ে হয়েছে ২,৬৪৮ কোটি টাকা। পেমেন্ট পরিষেবা থেকে আয় ২৫ শতাংশ বেড়ে ১,৪৩৪ কোটি টাকা এবং আর্থিক পরিষেবা বিতরণ থেকে আয় ৪৯ শতাংশ বেড়ে ৯১২ কোটি টাকায় পৌঁছেছে।

ফলে দীর্ঘ বিরতির পর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ফের চালুর নীতিগত অনুমোদন পেটিএমের ব্যবসায় নতুন গতি আনতে পারে বলে মনে করা হচ্ছে। তবে পরিষেবা পুনরায় চালুর বিষয়টি নির্ভর করছে আরবিআইয়ের চূড়ান্ত অনুমোদন এবং নির্ধারিত শর্ত পূরণের উপর।