গ্রাহক অভিজ্ঞতায় জোর, পশ্চিমবঙ্গে ব্যবসা বাড়াচ্ছে ‘অপো ইন্ডিয়া’

নিজস্ব গ্রাফিক্স চিত্র।

স্মার্টফোনের বাজারে গ্রাহকদের চাহিদার দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গে নিজেদের অবস্থান আরও মজবুত করতে উদ্যোগ বাড়াল ‘অপো ইন্ডিয়া’। সংস্থার দাবি, ২০২৫ সালে এই রাজ্যে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি হয়েছে, যা মূলত তরুণ ও প্রযুক্তি-সচেতন ব্যবহারকারীদের চাহিদা বৃদ্ধির ফল।

বর্তমানে দেশের অন্যতম শীর্ষ স্মার্টফোন নির্মাতা হিসেবে ‘অপো ইন্ডিয়া’র বাজারে অংশীদারিত্ব দাঁড়িয়েছে ১৩.৩ শতাংশের কাছাকাছি। সংস্থার ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটিরও বেশি। পশ্চিমবঙ্গে সংস্থাটি তাদের অফলাইন বিক্রয় কেন্দ্রের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে, যেখানে প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। এই বিস্তৃত নেটওয়ার্ককে সমর্থন করছে ২০টি পরিষেবা কেন্দ্র এবং শীঘ্রই আরও ৮টি নতুন কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে।

২০২৬ সালের মধ্যে সংস্থা প্রিমিয়াম বিক্রয় কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানোর পাশাপাশি উন্নত পরিষেবা ব্যবস্থাকে রাজ্যের ১৬টি স্থানে সম্প্রসারণ করতে চাইছে। কলকাতাতেই প্রথম এই আধুনিক পরিষেবা মডেলের সূচনা হয়, যা বর্তমানে সংস্থার অন্যতম বৃহত্তম পরিষেবা কেন্দ্র হিসেবে পরিচিত। এর লক্ষ্য, গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য পরিষেবা নিশ্চিত করা।


শিল্প বিশ্লেষকদের মতে, দেশের স্মার্টফোন বাজারে এখন একটি বড় পরিবর্তন দেখা যাচ্ছে। প্রিমিয়াম ও মধ্য-প্রিমিয়াম শ্রেণির ফোনের চাহিদা দ্রুত বাড়ছে। কলকাতায় সংস্থার রেনো ও ফাইন্ড-এক্স সিরিজ যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। নতুন প্রজন্মের মডেলগুলিতে আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বিক্রি বেড়েছে। পাশাপাশি এ, কে এবং এফ সিরিজের চাহিদাও স্থিতিশীল রয়েছে।

এই পরিবর্তন শুধু বড় শহরে সীমাবদ্ধ নয়, পশ্চিমবঙ্গের মতো প্রযুক্তি-সচেতন রাজ্যেও একই প্রবণতা দেখা যাচ্ছে। এখন স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং কনটেন্ট তৈরি, ডিজিটাল লেনদেন, বিনোদন এবং দৈনন্দিন কাজের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ফলে এমন যন্ত্রের চাহিদা বাড়ছে, যা শক্তিশালী হওয়ার পাশাপাশি ব্যবহারবান্ধব ও নির্ভরযোগ্য।

সংস্থার কর্তা গোল্ডি পট্টনায়ক জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গ আমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। এখানে গ্রাহকরা এখন শুধু দামের দিকে নয়, বরং ব্যবহার অভিজ্ঞতা ও মানের দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আমরা আগামী দিনে আরও নতুন পণ্য এবং উন্নত পরিষেবা পরিকাঠামো নিয়ে এই বাজারে বিনিয়োগ বাড়াব।’

অপো ইন্ডিয়ার পণ্যের তালিকায় বিভিন্ন দামের ফোন থাকলেও প্রতিটি ক্ষেত্রেই উন্নত অভিজ্ঞতার উপর জোর দেওয়া হয়েছে। উন্নত ক্যামেরা প্রযুক্তি, কৃত্রিম মেধাভিত্তিক সুবিধা এবং সফটওয়্যার উন্নয়নের মাধ্যমে ব্যবহারকারীদের আরও ভালো পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছে সংস্থা।

পরিষেবা ব্যবস্থার ক্ষেত্রেও সংস্থাটি জোর দিচ্ছে দ্রুত সমাধানের উপর। দেশের ৫০০টিরও বেশি শহরে তাদের পরিষেবা কেন্দ্র ছড়িয়ে রয়েছে। পশ্চিমবঙ্গে আধুনিক পরিষেবা ব্যবস্থার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধান, স্বচ্ছতা এবং উন্নত গ্রাহক অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা চলছে। কলকাতায় অধিকাংশ পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধান এক ঘণ্টার মধ্যেই করা সম্ভব হচ্ছে বলেও দাবি করেছে সংস্থা।