বাজেটে এলটিসিজি ও এসটিটি কর পর্যালোচনার ইঙ্গিত! নির্মলার মন্তব্যে চাঙ্গা শেয়ারবাজার

শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য স্বস্তির ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দীর্ঘমেয়াদি মূলধনী লাভ কর (এলটিসিজি) এবং সিকিউরিটিজ লেনদেন কর (এসটিটি)-এর কাঠামো পর্যালোচনার বিষয়ে বিনিয়োগকারীদের মতামত শুনতে প্রস্তুত সরকার। দিল্লিতে আয়োজিত একটি অর্থনৈতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এমনই ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। তাঁর এই মন্তব্যের পরেই শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়ে। সেনসেক্স ও নিফটি—দুই প্রধান সূচকই দেড় শতাংশের বেশি বৃদ্ধি পায়।

অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী বাজেট তৈরির প্রক্রিয়া এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে কর কাঠামোয় নির্দিষ্ট কোনও পরিবর্তন হবে কি না, তা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। তবে এলটিসিজি এবং এসটিটি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে যে আলোচনা চলছে, সে বিষয়ে সরকার অবগত। এই দুই করের কারণে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের উপর অতিরিক্ত বোঝা চাপছে কি না, সেই প্রশ্নও আলোচনায় উঠে এসেছে। দেশীয় ও বিদেশি—উভয় ধরনের বিনিয়োগকারীর মতামতকে স্বাগত জানাতে প্রস্তুত সরকার বলে জানিয়েছেন নির্মলা।

অর্থমন্ত্রীর বক্তব্য, গত দু’বছরে বিভিন্ন সম্পদ শ্রেণির মধ্যে করের হারে সামঞ্জস্য আনার চেষ্টা করা হয়েছে। এর উদ্দেশ্য শুধুমাত্র করের বোঝা বাড়ানো বা কর ফাঁকি রোধ করা নয়। বরং বিনিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা তৈরি করাই ছিল লক্ষ্য। যাতে বিনিয়োগকারীরা শুধু করের সুবিধার কথা মাথায় রেখে নয়, সংশ্লিষ্ট সম্পদের প্রকৃত সম্ভাবনা বিচার করেও সিদ্ধান্ত নিতে পারেন।


কর কাঠামো পর্যালোচনার সম্ভাবনা ঘিরে পুঁজিবাজারের সঙ্গে যুক্ত একাধিক সংস্থার শেয়ারে কেনাকাটা বেড়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস এবং ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি-র মতো প্রতিষ্ঠানের শেয়ারে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে। বাজারে লেনদেন বাড়লে এই ধরনের প্রতিষ্ঠানের ব্যবসায় ইতিবাচক প্রভাব পড়তে পারে। সেই প্রত্যাশাও বিনিয়োগকারীদের আগ্রহ বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

সম্মেলনে দেশের মুদ্রার দামের ওঠানামা নিয়েও বক্তব্য রাখেন অর্থমন্ত্রী। বিশ্ব অর্থনীতির পরিস্থিতির প্রভাবে টাকার দামে যে চাপ তৈরি হয়েছে, তা নিয়ে উদ্বেগের মধ্যে তিনি জানান, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ করছে।

পাশাপাশি, ভারতীয় অর্থনীতির ভিত মজবুত বলেও দাবি করেছেন নির্মলা সীতারমণ। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার রাজস্ব শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এলটিসিজি ও এসটিটি-র কাঠামোয় শেষ পর্যন্ত কোনও পরিবর্তন আসে কি না, তার জন্য আগামী বাজেটের দিকেই তাকিয়ে থাকবেন বিনিয়োগকারীরা।