লাভের মুখ দেখতেই উঠল শেয়ার দর, নতুন করে কর্মী নিয়োগের পথে পেটিএম

এক সময় বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি ও আরবিআইয়ের কড়া পদক্ষেপে বড় ধাক্কা খেয়েছিল দেশের অন্যতম ফিনটেক সংস্থা পেটিএম। পরিস্থিতির চাপে কর্মী ছাঁটাই করতেও হয়েছিল সংস্থাকে। টালমাটাল হয়েছিল ব্যবসায়িক পরিস্থিতি। শেয়ার বাজারেও ক্ষতির মুখে পড়তে হয়েছিল সংস্থাকে। তবে পরিস্থিতি বদলেছে। ধারাবাহিক লাভের মুখ দেখেছে সংস্থা। সে কারণে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে পেটিএম। সেই পরিকল্পনাকে সামনে রেখে আগামী কয়েক মাসে প্রায় চার হাজার নতুন কর্মী নিয়োগের পথে হাঁটছে পেটিএম।

সংস্থা সূত্রে জানা গিয়েছে, সংস্থার ব্যবসায়িক সম্প্রসারণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর নতুন আর্থিক পরিষেবা ও প্রোডাক্টকে আরও শক্তিশালী করতেই কর্মী নিয়োগের সিদ্ধান্ত। বর্তমানে সংস্থায় প্রায় ৪০ হাজার কর্মী রয়েছেন। সংস্থার পরিকল্পনা, কর্মীসংখ্যা আরও ১০ শতাংশ বৃদ্ধি করা।  বিশেষ করে সিনিয়র এবং কৌশলগত পদগুলিতে নিয়োগের উপর জোর দেওয়া হচ্ছে। আগামী বছরের মার্চ পর্যন্ত ধাপে ধাপে এই নিয়োগ প্রক্রিয়া চলবে বলে জানা গিয়েছে।

এদিকে নতুন নিয়োগ এবং ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনার খবর বাজারেও ইতিবাচক প্রভাব ফেলেছে। মঙ্গলবার পেটিএমের শেয়ারদর ১০৬২ টাকায় পৌঁছয়। বাজার বিশেষজ্ঞদের মতে, নতুন নিয়োগের খবর এবং ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা সামনে আসার কারণেই সংস্থার শেয়ার দর অনেকটাই বেড়েছে। যা নিশ্চিতভাবেই পেটিএমের পুনরুত্থানের বার্তা বহন করছে।


তবে নিয়োগের পাশাপাশি সংস্থা কিছু কর্মীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে বলে খবর। সূত্রের খবর, কর্মক্ষমতার মূল্যায়নের ভিত্তিতে প্রায় ৪০০ কর্মীকেও ছাঁটাই করতে চলেছে পেটিএম। অর্থাৎ একদিকে সম্প্রসারণ, অন্যদিকে কর্মদক্ষতার ভিত্তিতে পুনর্গঠন- দুই পথেই এগোতে চাইছে পেটিএম।

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ সংস্থার ভবিষ্যৎ কৌশলের ইঙ্গিত বহন করছে। শুধু ডিজিটাল পেমেন্ট নয়, ঋণ, বিনিয়োগ এবং অন্যান্য আর্থিক পরিষেবার বাজারেও নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে তারা। বিপুল সংখ্যক নথিভুক্ত গ্রাহককে কেন্দ্র করে আর্থিক পরিষেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, দু’বছর আগে রিজার্ভ ব্যাঙ্কের এক নির্দেশে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের কার্যক্রমে বড়সড় বাধা তৈরি হয়েছিল। সেই সময় সংস্থাকে পুনর্গঠনের পথে হাঁটতে হয়। পাশাপাশি বাধ্য হয়ে একাধিক কর্মীও ছাঁটাই করেছিল সংস্থা। কিন্তু সাম্প্রতিক সময়ে টানা চারটি ত্রৈমাসিকে লাভের মুখ দেখেছে সংস্থা। যা নিশ্চিতভাবেই বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করেছে। সে কারণেই পেটিএমের শেয়ার দরও ঊর্ধ্বমুখী। পাশাপাশি ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সংস্থা।