ক্লিনিকের গণ্ডি পেরিয়ে চোখের চিকিৎসায় নতুন উদ্যোগ

শুধু ক্লিনিকে রোগী দেখাই নয়, চোখের চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে নেতৃত্বের ভূমিকায় এগিয়ে এলেন ২৮ জন মহিলা অপটোমেট্রিস্ট। ওরবিস ইন্টারন্যাশনালের ‘উইমেন লিডার্স ইন আই হেলথ’ উদ্যোগের আওতায় এই ২৮ জনের নেতৃত্বে সামাজিক কাজের পরিধি আরও বিস্তৃত করা হয়েছে।
কলকাতায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে শেষ হল ‘ওসিআই স্পার্ক উইমেন লিডারশিপ প্রোগ্রাম’-এর তৃতীয় পর্যায়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন ওরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও ক্যাথলিন শেরউইন। অনুষ্ঠানে কমিউনিটি আই হেলথে আরও বড় আকারে কাজে নামা, নেতৃত্বের সুযোগ বৃদ্ধি এবং নীতি নির্ধারণে মহিলাদের অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়। পরে তৃতীয় পর্যায়ের অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় সংস্থার তরফে।
ওরবিস ইন্টারন্যাশনাল, এলিট স্কুল অব অপটোমেট্রি এবং অপটোমেট্রি কনফেডারেশন অব ইন্ডিয়ার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হয়েছে। নেতৃত্ব, যোগাযোগ, আবেগ নিয়ন্ত্রণ, দল পরিচালনা এবং সহযোগিতামূলক নেতৃত্বের মতো বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি বাস্তব সমস্যার সমাধানে কীভাবে সর্বদা প্রস্তুত থাকতে হয় তা নিয়ে বিভিন্ন প্রকল্পে কাজ করেন অংশগ্রহণকারীরা।
এই প্রকল্পগুলির মধ্যে ছিল পিছিয়ে থাকা সম্প্রদায় ও কর্মক্ষেত্রে চোখের পরীক্ষা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি, মহিলাদের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে চোখের স্বাস্থ্যকে যুক্ত করা, চশমা ব্যবহারে উৎসাহ দেওয়া, কর্মক্ষেত্রে চোখের সুরক্ষা জোরদার করা এবং ডিজিটাল মাধ্যমে সচেতনতা ও তথ্যভিত্তিক প্রচার চালানো।
তিনটি পর্যায় মিলিয়ে এখনও পর্যন্ত ৭৯ জন মহিলা অপটোমেট্রিস্ট এই কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণ পেয়েছেন।  ওরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও ক্যাথলিন শেরউইন বলেন, স্বাস্থ্যক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হলেও নেতৃত্বের জায়গায় তাঁদের প্রতিনিধিত্ব এখনও তুলনামূলক কম। তাই প্রশিক্ষণ, পরামর্শদাতা, পেশাগত যোগাযোগ এবং নেতৃত্বের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
ওরবিস ইন্ডিয়ার কান্ট্রি ডিরেক্টর ড. ঋষি রাজ বোরাহ বলেন, কমিউনিটি আই হেলথ শুধু চিকিৎসা পরিষেবার উপর নির্ভর করে না। মানুষের কাছে সচেতনতা, পরিষেবা এবং পরবর্তী চিকিৎসা পৌঁছে দিতে প্রয়োজন দক্ষ নেতৃত্ব। মহিলা অপটোমেট্রিস্টদের নেতৃত্বে তৈরি এই নতুন নেটওয়ার্ক ভবিষ্যতে চোখের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই আশা।