UPI-তে টাকা পাঠালে কি এবার কাটা হবে চার্জ? জানুন নতুন নিয়ম

File Photo

একটি দীর্ঘ সময় ধরে চলেছিল আলোচনা। শেষ পর্যন্ত জল্পনা শেষ। লোকসভায় পাস হয়ে গেল পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেম অ্যাক্ট ২০০৭ সংশোধনী বিল। এরফলে ব্যাঙ্ক আর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ইলেকট্রনিক পেমেন্ট মোডে চার্জ নিতে পারবে। এতদিন ব্যাঙ্ক বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা নির্দিষ্ট ইলেকট্রনিক পেমেন্ট মোডে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা সার্ভিস চার্জ নিতে পারতেন না। আগে কেবল ন্যাশনাল ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার আর রিয়েল টাইম গ্রস সেটসমেন্ট ক্ষেত্রে সার্ভিস চার্জ নিতে পারত ব্যাঙ্ক। তবে UPI লেনদেনের জন্য টাকা কাটতে পারত না। নতুন সংশোধনী বিল আসার ফলে তারা UPI লেনদেনে টাকা নিতে পারবে।

সরকার কী বলেছে চার্জ বসানো নিয়ে

সেদিন সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ট্যাক্সেশন অ্যান্ড অদার ল্জ অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬ আনেন। মূলত, ব্যাঙ্ক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার আর পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ফার্ম জন্য এটি পাস করা হয়। এর মাধ্যমে UPI গ্রাহক আর ছোট ব্যবসায়ীদের থেকে সার্ভিস চার্জ বাবদ টাকা কাটতে পারবে এই ডিজিটাল ব্যবস্থার সঙ্গে যুক্ত পরিষেবা প্রদানকারীদের।


রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর কী বলেছেন

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মলহোত্রা এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, এখন কিছু বলা প্রিম্যাচিওর হবে। তবে পাবলিক ইনফ্রাস্ট্রাকচারে টাকা লেনদেন গুরুত্বপূর্ণ। কাউকে কাউকে এর জন্য টাকা দিতেই হবে। আমাদের কাছে একটা বিষয় পরিষ্কার, হয় সাধারণ জনগণের থেকে কর বাবদ টাকা নিতে হবে, অথবা মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা সার্ভিস চার্জের মাধ্যমে ইউজারদের থেকে টাকা নিতে হবে।

মলহোত্রা আরও বলেন, সরকার সংশোধনী বিল পাস করেছে। এর খরচ কাউকে না কাউকে দিতেই হবে। আমরা সব সময়ই চাই, দেশের পরিকাঠামোতে উন্নতি ঘটুক। এই প্রক্রিয়া আরও বেশি কার্যকর হোক। এটাই বর্তমানে আমাদের লক্ষ্য। দেখা যাক আগামী দিনে এই সংক্রান্ত আরও কী কী বদল ঘটে।

আর্থিক প্রতিষ্ঠানগুলি থেকে আসছিল চাপ

দীর্ঘদিন ধরে UPI লেনদেনে সার্ভিস চার্জের বিষয়টি নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করছিল ব্যাঙ্ক ছাড়াও এই ডিজিটাল ইকো সিস্টমের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলি। তবে সরকার এতকিছুর পরও সার্ভিস চার্জ বসানোর বিষয়টি নিয়ে এগোয়নি। মূলত, UPI লেনদেনের বিষয়টি আরও দ্রুত বড় হোক, এমনটাই চাইছিল সরকার।

এখন UPI লেনদেন করলেই আপনার থেকে টাকা কাটবে ?

বাজার বিশেষজ্ঞদের মতে, বর্তমানে আপনার-আমার মতো সাধারণ জনগণ অল্প কিছু টাকার লেনদেন করলে সার্ভিস চার্জ কাটবে না আর্থিক প্রতিষ্ঠানগুলি। এই ক্ষেত্রে একটি নির্দিষ্ট কিছু আর্থিক সীমা বেঁধে দেওয়া হতে পারে। মূলত, ব্যবসায়ী ও ক্রেতার মধ্যে কোনও লেনদেন হলে এই সার্ভিস চার্জ কাটার প্রসঙ্গ উঠতে পারে বলে মনে করছেন তারা। বাকি বড় ব্যবসায়ীদের বিপুল টাকার লেনদেনের ক্ষেত্রে সার্ভিস চার্জ প্রযোজ্য হওয়ার সম্ভাবনা বেশি।

অর্থমন্ত্রী কী বলেছেন

বিল পাস হওয়ার পর সংবাদ মাধ্যমে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, MDR মার্চেন্ট বা ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রযোজ্য। ব্যবহারকারী বা গ্রাহকদের জন্য নয়। এই নতুন সংশোধনীর ফলে ব্যাঙ্ক, ফিনটেক কোম্পানিগুলি আর্থিক পরিকাঠামো উন্নয়নে, সুরক্ষা জোরদার করতে আরও সচেষ্ত হবে।