পুজোয় মুকেশ অম্বানীর জিয়ো আইপিও, ২০% লাভের আশা! ২১ অক্টোবর থেকে আবেদন

মুকেশ অম্বানীর জিয়ো প্ল্যাটফর্মসের আইপিও ঘিরে শেয়ার বাজারে তুঙ্গে জল্পনা। উৎসবের মরসুমেই বাজারে আসতে চলেছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের এই টেলিকম ও ডিজিটাল পরিষেবা সংস্থা। বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, আইপিও-র মূল্যসীমা, আবেদনের সময়সীমা এবং তালিকাভুক্তির সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। সংস্থাটির পরিকল্পনা, এই আইপিওর মাধ্যমে বাজার থেকে ৩০,২১৩ কোটি টাকা সংগ্রহ করা। সেই লক্ষ্য পূরণ হলে ভারতের বৃহত্তম আইপিওগুলির মধ্যে শীর্ষস্থান দখল করতে পারে জিয়ো প্ল্যাটফর্মস।

আগামী ২১ অক্টোবর থেকে এই আইপিওতে আবেদন করতে পারবেন খুচরো লগ্নিকারীরা। আবেদন গ্রহণ চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। শেয়ারপ্রতি মূল্যসীমা নির্ধারণ করা হয়েছে ১,০৬৫ থেকে ১,১১৯ টাকা। সংস্থাটি ১০ টাকা অভিহিত মূল্যের ২৭ কোটি নতুন শেয়ার ছাড়ার পরিকল্পনা করেছে। এর আগে ১৯ অক্টোবর নিলামের মাধ্যমে অ্যাঙ্কর লগ্নিকারীদের বেছে নেওয়া হবে।

আইপিওতে জিয়ো প্ল্যাটফর্মসের যোগ্য কর্মীদের জন্যও সংরক্ষিত অংশ রাখা হয়েছে। তাঁদের ক্ষেত্রে শেয়ারপ্রতি ৫৪ টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে সংস্থা। পাশাপাশি, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের যোগ্য কর্মী ও বিনিয়োগকারীদের জন্যও সংরক্ষিত শ্রেণিতে শেয়ার কেনার সুযোগ থাকছে।


জিয়ো প্ল্যাটফর্মসের যোগ্য কর্মীদের জন্য সর্বোচ্চ ৫০০ কোটি টাকা মূল্যের শেয়ার সংরক্ষিত রাখা হয়েছে। অন্য দিকে, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকছে ২,৫০০ কোটি টাকা মূল্যের শেয়ার। ফলে সাধারণ লগ্নিকারীদের পাশাপাশি রিলায়্যান্স গোষ্ঠীর সঙ্গে যুক্ত কর্মী ও বিনিয়োগকারীদের মধ্যেও এই আইপিও নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

এ দিকে, ধূসর বাজারে জিয়ো প্ল্যাটফর্মসের আইপিও ঘিরে ইতিমধ্যেই আশাবাদী ছবি দেখা যাচ্ছে। সেখানে শেয়ারপ্রতি দর ২১৮ টাকা পর্যন্ত বেশি বলে দাবি করা হচ্ছে। সেই হিসাব ধরে বাজার বিশেষজ্ঞদের একাংশের অনুমান, তালিকাভুক্তির সময় শেয়ারের দাম ১,৩৩৭ টাকায় পৌঁছতে পারে। সে ক্ষেত্রে সর্বোচ্চ মূল্যসীমা ১,১১৯ টাকার তুলনায় প্রায় ১৯.৫ শতাংশ রিটার্নের সম্ভাবনা তৈরি হবে।

আইপিওতে শেয়ার বরাদ্দের সম্ভাব্য দিন ২৬ অক্টোবর। তার দু’দিন পরে, ২৮ অক্টোবর, বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে সংস্থাটির শেয়ার তালিকাভুক্ত হওয়ার কথা।

তবে ধূসর বাজারের দর বা বিশেষজ্ঞদের অনুমান নিশ্চিত রিটার্নের ইঙ্গিত নয়। তালিকাভুক্তির দিন শেয়ারের প্রকৃত দাম বাজারের চাহিদা, লগ্নিকারীদের আগ্রহ এবং সামগ্রিক পরিস্থিতির উপর নির্ভর করবে। ফলে জিয়ো প্ল্যাটফর্মসের আইপিও থেকে কতটা লাভের সুযোগ তৈরি হয়, তা জানতে নজর থাকবে তালিকাভুক্তির দিনের দিকে।