প্যারা-অ্যাথলিটদের জীবনসংগ্রাম নিয়ে ছবি

কীভাবে শারীরিক প্রতিবন্ধকতা অতিক্রম করে নিজেদের স্বপ্নপূরণে এগিয়ে চলেছেন ভারতীয় প্যারা-অ্যাথলিটরা তা নিয়ে একটি নতুন ছবি প্রকাশ করল এসবিআই লাইফ ইন্স্যুরেন্স। ‘অনোখে হিরে’ নামে এই ছবিতে ভারতীয় প্যারা-অ্যাথলিটদের অদম্য মনোবল, দৃঢ় সংকল্প এবং প্রতিশ্রুতি রক্ষার গল্প তুলে ধরা হয়েছে। ছবির উদ্দেশ্য, জীবনসংগ্রাম প্রমাণ করে, প্রকৃত প্রতিভা কোনও সীমাবদ্ধতার মধ্যে আটকে থাকে না।

অক্ষ নামে এক ছোট্ট ছেলের হিরে খোঁজার কৌতূহলকে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প। দৈনন্দিন জিনিসের মধ্যে উজ্জ্বলতা খুঁজতে গিয়ে সে পৌঁছে যায় একটি প্যারা-অ্যাথলেট প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে খেলোয়াড়দের শৃঙ্খলা, অধ্যবসায় এবং লড়াইয়ের মানসিকতা দেখে সে বুঝতে পারে, তাঁরাই প্রকৃত ‘অনোখে হিরে’। তাঁদের দৃঢ় সংকল্পই স্বপ্নপূরণ এবং প্রিয়জনদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার শক্তি জোগায়।

ছবিটি প্রসঙ্গে এসবিআই লাইফের ইভিপি এবং ব্র্যান্ড, কর্পোরেট যোগাযোগ ও সামাজিক দায়বদ্ধতা বিভাগের প্রধান রবীন্দ্র শর্মা বলেন, প্যারা-অ্যাথলিটদের জীবন দেখায়, আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্পের সাহায্যে কীভাবে সীমাবদ্ধতা অতিক্রম করা সম্ভব। তাঁদের জীবনযাত্রা থেকে অনুপ্রেরণা নিয়ে মানুষের কাছে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ও দায়িত্বের মূল্য তুলে ধরাই এই উদ্যোগের উদ্দেশ্য। সংস্থার মূল দর্শন ‘আপনে লিয়ে, আপনো কে লিয়ে’-র সঙ্গেও এই ভাবনা যুক্ত।


২০২৬ সালের প্যারা কমনওয়েলথ ও এশিয়ান গেমসে ভারতীয় দলের প্রধান অংশীদার হিসেবে প্যারা-স্পোর্টসের সঙ্গে নিজেদের সম্পর্ক আরও মজবুত করছে এসবিআই লাইফ। নতুন ছবির মাধ্যমে সংস্থাটি খেলোয়াড়দের সাফল্যের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত সংগ্রাম, অঙ্গীকার এবং এগিয়ে চলার সাহসকেও সম্মান জানিয়েছে।