রাস্তার ধারের ইস্ত্রি ব্যবসার সঙ্গে যুক্ত ছোট ব্যবসায়ীদের জীবনযাত্রা আরও সহজ ও পরিবেশবান্ধব করতে কলকাতায় ‘দ্য ইস্ত্রি প্রজেক্ট’ চালু করল উদ্যম ব্যাপার। আহান ফাউন্ডেশনের সহযোগিতায় শুরু হওয়া এই উদ্যোগে কয়লাচালিত ইস্ত্রির পরিবর্তে এলপিজি-চালিত ইস্ত্রি বাক্স ব্যবহারে উৎসাহ দেওয়া হবে।
সংস্থার দাবি, গত সাত বছর ধরে দেশের বিভিন্ন শহরে এই প্রকল্পের মাধ্যমে ৯,০০০-এরও বেশি ইস্ত্রি ব্যবসায়ীকে সহায়তা করা হয়েছে। ছ’টি শহরে প্রকল্পে যুক্ত ব্যবসায়ীদের আয় গড়ে ২৭ শতাংশ বেড়েছে এবং প্রতিদিন প্রায় দু’ঘণ্টা পর্যন্ত সময় সাশ্রয় হয়েছে। সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অংশগ্রহণকারী ব্যবসায়ীদের মোট আয় বৃদ্ধির পরিমাণ প্রায় ৪৪.৯ কোটি টাকা বলে জানিয়েছে উদ্যম ব্যাপার।
কয়লার ইস্ত্রির পরিবর্তে এলপিজি-চালিত প্রযুক্তি ব্যবহারে ব্যবসায়ীদের কাজের সময় ও পরিশ্রম কমবে বলে দাবি সংস্থার। একই সঙ্গে তাপের স্থায়িত্ব বাড়বে এবং বার বার জ্বালানি ভরার প্রয়োজনও কমবে। ফলে ব্যবসায়ীরা গ্রাহক পরিষেবা ও ব্যবসা পরিচালনায় আরও বেশি সময় দিতে পারবেন।
আরও পড়ুন: বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানে সফটওয়্যারে ত্রুটি, প্রভাবিত হতে পারে ভারতে ৯৬টি বিমান
উদ্যোগটির লক্ষ্য শুধু ব্যবসায়ীদের আয় বাড়ানো নয়, তাঁদের কাজের পরিবেশও নিরাপদ করা। কয়লার ধোঁয়ার সংস্পর্শ কমার পাশাপাশি পরিবেশের উপর চাপও কমবে। সংস্থার দাবি, এলপিজিতে রূপান্তরের ফলে তাদের বিভিন্ন প্রকল্পে বছরে ২,৯৭৯ টনেরও বেশি কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমেছে।