আশা তো ছিলই। আর সেই মতই শেয়ার বাজারে দুরন্তভাবে নিজেদের প্রমাণ করল জিও প্লাটফর্মস। আজ বুধবার নিয়ম মাফিক তালিকাভুক্তির সময়েই অসাধারণ রিটার্ণ দিল মুকেশ অম্বানির এই ব্র্যান্ড।
এর জেরে বাজার মূল ধনের তালিকায় টাটাদের টপকে গেল রিলায়েন্স। এই মুহূর্তে ভারতের অন্যতম মূল্যবান ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রমাণ করল অম্বানি পরিবারের এই নবজাতক।
আজ তালিকাভুক্তির সময়েই জিও প্লাটফর্মের স্টকের দাম উঠে যায় ১৩৫৮ টাকা। যা ছিল তার আইপিও র থেকেও ২১.৪ শতাংশ বেশি। প্রসঙ্গত জিও প্লাটফর্মের শেয়ারের আবেদনমূল্য ধার্য করা হয়েছিল ১১৯৯ টাকা। আর আজ তালিকাভুক্তির সঙ্গে সঙ্গে অম্বানীদের এই সংস্থার বাজার মূলধনের পরিমাণ লাফ দিয়ে পৌছে যায় ১২.৫ লক্ষ কোটিতে।
রিলায়েন্স গোষ্ঠীর অন্তর্গত সকল সংস্থার মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৩০ লক্ষ কোটিতে। কেবল রিলায়েন্স ও জিওকে ধরলেই সেই অঙ্ক ২৮.৭ লক্ষ কোটি বলে জানা গিয়েছে। তাদের বাজার মূলধন যথাক্রমে ২৫.৬ লক্ষ ও ১৬.৬ লক্ষ কোটি টাকা।
শেয়ারের দুনিয়ায় নবজাতক জিও প্লাটফর্মের অংশীদারের সংখ্যা সারা দেশ সব থেকে বেশি। এতে লগ্নি করেছেন ৭৯.৮ লক্ষ মানুষ। আজ মুম্বইয়ের এনএসইতে নিয়ম মাফিক ঘন্টা বাজিয়ে তালিকাভুক্তি করা হয়েছিল জিওর। সেখানে হাজির ছিলেন মুকেশ অম্বানি ও তার পরিবার।
আজকের এই তালিকাভুক্তির পরেই দেশের শেয়ারবাজারের প্রথম ও দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান সংস্থায় পরিণত হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি ও জিও। এদের মোট মূলধন টাটার মোট সংস্থার মূলধনের থেকে ৩.১ লক্ষ কোটি টাকা বেশি।