পশ্চিমবঙ্গে বন্ধ হতে চলেছে ভি(ভোডাফোন- আইডিয়া) পরিষেবা? এমনই জল্পনা ছড়িয়েছে। তবে জানা গিয়েছে, দেশের ছ’টি সার্কেলে স্পেকট্রাম লাইসেন্সের ফের আবেদন করবে না এই সংস্থা। ফলে ওই ছয় সার্কেলে ভি সিম ব্যবহারকারীদের যে সমস্যা বাড়ল, তা নিয়ে সন্দেহ নেই। তবে পশ্চিমবঙ্গের উপরে কতটা আঁচ আসবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
চলতি বছরের ৫ ডিসেম্বর শেষ হবে ভোডাফোন আইডিয়ার স্পেকট্রাম লাইসেন্সের মেয়াদ। তারপরে দেশের ছয় সার্কেলে ৯০০ মেগাহার্টজ এবং ১৮০০ মেগা হার্টজ ব্যান্ডে থাকা ৩৯.৫ মেগাহার্টজ লাইসেন্সের পুনরায় নথিভুক্তকরণ আর করবে না এই সংস্থা।
২০০৬ সালে নিলাম না করেই আদিত্য বিড়লার এই কোম্পানিটিকে স্পেকট্রাম দিয়েছিল কেন্দ্র। যে ছয় সার্কেলে ভোডাফোন এই সুবিধা পেয়েছিল তা হল মুম্বাই, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, আসাম ও জম্মু ও কাশ্মীর।
স্পেকট্রাম লাইসেন্স নতুন করে নিতে হলে ভোডাফোনকে বিনিয়োগ করতে হবে প্রায় ৫৫-৬০ কোটি টাকা। বর্তমানে ভোডাফোন- আইডিয়ার আর্থিক অবস্থা একদমই ভালো নয়। শেয়ার বাজারেও অবস্থা তথৈবচ। তাই নতুন করে খরচের বোঝা বাড়াতে চাইছে না মূল সংস্থা। তাই এই পদক্ষেপ নিয়েছে তারা। এমনতি এই বিষয়টি টেলি যোগাযোগ মন্ত্রককেও জানানো হয়েছে।