পশ্চিম এশিয়ার সঙ্কটের জেরে দীর্ঘদিন ধরেই চড়া জেট ফুয়েলের দাম। তারই প্রভাব পড়ল বিমান ভাড়ায়। দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে জ্বালানি সারচার্জ বাড়ানোর ঘোষণা করল দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো। আগামী ৬ অক্টোবর থেকে নতুন হার কার্যকর হবে। ফলে ইন্ডিগোর বিমানে যাতায়াতের খরচ আরও বাড়তে চলেছে।
ইন্ডিগোর নতুন নিয়ম অনুযায়ী, দূরত্বের ভিত্তিতে দেশীয় উড়ানে জ্বালানি সারচার্জ ১০০ টাকা থেকে ৩৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ৫০০ কিলোমিটার পর্যন্ত উড়ানে সারচার্জ ২৭৫ টাকা থেকে বেড়ে ৩৭৫ টাকা হয়েছে। ৫০১ থেকে ১,০০০ কিলোমিটারের উড়ানে তা ৪০০ টাকা থেকে বেড়ে ৬০০ টাকা হয়েছে। ১,০০১ থেকে ১,৫০০ কিলোমিটারের ক্ষেত্রে ৬০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৯০০ টাকা। ১,৫০১ থেকে ২,০০০ কিলোমিটারের উড়ানে সারচার্জ ৮০০ টাকা থেকে বেড়ে ১,১৫০ টাকা হয়েছে। আর ২,০০০ কিলোমিটারের বেশি দূরত্বের উড়ানে তা ৯৫০ টাকা থেকে বেড়ে ১,৩০০ টাকা করা হয়েছে।
আন্তর্জাতিক উড়ানে এই বৃদ্ধির পরিমাণ আরও বেশি। আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রে প্রতি সেক্টরে সর্বোচ্চ ২,৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত জ্বালানি সারচার্জ দিতে হতে পারে।
সংস্থার তরফে জানানো হয়েছে, ৬ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে করা নতুন বুকিংয়ের ক্ষেত্রে এই বর্ধিত সারচার্জ কার্যকর হবে। তার আগে যাঁরা টিকিট বুক করেছেন, তাঁদের ক্ষেত্রে নতুন চার্জ প্রযোজ্য হবে না।
ইন্ডিগোর বক্তব্য, সাম্প্রতিক মাসগুলিতে আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির জেরে বিমান জ্বালানির দাম ব্যাপক ওঠানামা করছে। মাসে মাসে এটিএফ-এর দাম ১৪ শতাংশেরও বেশি বাড়ার নজির রয়েছে। এর ফলে গত এক দশকের মধ্যে বিমান জ্বালানির খরচ সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।
বিমান সংস্থাগুলির পরিচালন ব্যয়ের ৪০ শতাংশেরও বেশি জেট ফুয়েলের পিছনে খরচ হয়। ফলে জ্বালানির দামে যে কোনও বড়সড় পরিবর্তনের সরাসরি প্রভাব পড়ে বিমান সংস্থাগুলির সামগ্রিক পরিচালন ব্যয়ে। সেই কারণেই বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে দূরত্ব অনুযায়ী জ্বালানি সারচার্জ নতুন করে নির্ধারণ করেছে ইন্ডিগো।
ফলে আগামী দিনে ইন্ডিগোর বিমানে যাত্রীদের টিকিটের মূল ভাড়ার পাশাপাশি বাড়তি জ্বালানি সারচার্জও গুনতে হবে। বিশেষ করে দূরপাল্লার দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে এই অতিরিক্ত খরচের প্রভাব বেশি পড়তে পারে।