আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের মুনাফা ১৯৬ শতাংশ বৃদ্ধি

File Photo

চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে উল্লেখযোগ্য মুনাফা বৃদ্ধি নথিভুক্ত করল আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে ব্যাঙ্কটির কর পরবর্তী মুনাফা (নিট প্রফিট) হয়েছে ১,০৪৫ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯৬.৫ শতাংশ বেশি। চলতি অর্থবর্ষের প্রথম ছ’মাসে মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ২,১২০ কোটি টাকা।

ব্যাঙ্কের আর্থিক বিবৃতি অনুযায়ী, দ্বিতীয় ত্রৈমাসিকে মোট আমানত গত বছরের তুলনায় ২৫.৯ শতাংশ বেড়ে হয়েছে ৩,৪৮,৫৮৩ কোটি টাকা। ঋণ ও অগ্রিমের পরিমাণও ৩০.১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩,৪৬,৯১৩ কোটি টাকা। এদিকে, গড় চলতি ও সঞ্চয়ী আমানতের অনুপাত ছিল ৪৮.৪ শতাংশ।

ব্যাঙ্কটির মূল পরিচালন মুনাফা, লেনদেন থেকে প্রাপ্ত আয় বাদ দিয়ে, ৩৮.৫ শতাংশ বেড়ে হয়েছে ২,৫২৭ কোটি টাকা। আয় বৃদ্ধির তুলনায় পরিচালন ব্যয় বৃদ্ধির হার প্রায় ৫ শতাংশ কম থাকায় ব্যাঙ্কের পরিচালন দক্ষতাও উন্নত হয়েছে। দ্বিতীয় ত্রৈমাসিকে অনাদায়ী মোট ঋণের হার ছিল ১.৩২ শতাংশ এবং নিট অনাদায়ী ঋণের হার ০.৪০ শতাংশ।


এই ত্রৈমাসিকে বিদেশি মুদ্রায় অনাবাসী ভারতীয়দের স্থায়ী আমানত (এফসিএনআর-বি) থেকে ৩৪,৩৯০ কোটি টাকা সংগ্রহ করেছে ব্যাঙ্ক। এই আমানত আগামী তিন থেকে পাঁচ বছরের জন্য আর্থিক তারল্য জোগাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি, এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস ব্যাঙ্কটিকে প্রথমবারের জন্য ‘বিবিবি-মাইনাস’ বিনিয়োগযোগ্য আন্তর্জাতিক ঋণমান দিয়েছে।

ব্যাঙ্কের ব্যবস্থাপনা অধিকর্তা ও প্রধান কার্যনির্বাহী আধিকারিক ভি বৈদ্যনাথন বলেন, পরপর দুই ত্রৈমাসিকে এক হাজার কোটি টাকার বেশি মুনাফা অর্জন এবং পরিচালন ব্যয় নিয়ন্ত্রণে রাখা ব্যাঙ্কের অগ্রগতির পরিচায়ক। আগামী দিনেও এই বৃদ্ধির ধারা বজায় রাখার আশা প্রকাশ করেছেন তিনি।