ব্যাঙ্কে যাওয়ার ঝক্কি নেই, বাড়িতে বসেই জমা দিন লাইফ সার্টিফিকেট! কীভাবে করবেন, রইল সম্পূর্ণ পদ্ধতি

হাতে আর মাত্র কয়েকটা দিন। পেনশনভোগীদের জন্য নভেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসের মধ্যেই জমা দিতে হবে লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র। নির্দিষ্ট সময়ের মধ্যে এই শংসাপত্র জমা না দিলে পেনশন পেতে সমস্যা হতে পারে। প্রতি বছরই পেনশনভোগীদের এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। তবে প্রবীণ নাগরিকদের অনেকের পক্ষেই শারীরিক অসুস্থতা কিংবা বয়সজনিত কারণে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া সম্ভব হয় না। তাঁদের জন্য রয়েছে সুখবর। এখন আর লাইফ সার্টিফিকেট জমা দিতে বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন নেই। স্মার্টফোন ব্যবহার করেই বাড়িতে বসে অনলাইনে সম্পূর্ণ করা যায় এই কাজ। কীভাবে করবেন? জেনে নিন সহজ পদ্ধতি।

কোথায় জমা দিতে পারবেন লাইফ সার্টিফিকেট?

পেনশনভোগীরা অনলাইনে জীবন প্রমাণ পোর্টালের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন। এ ছাড়াও উমঙ্গ অ্যাপের মাধ্যমেও এই পরিষেবা পাওয়া যায়। যাঁরা স্মার্টফোনের মাধ্যমে এই কাজ করতে স্বচ্ছন্দ নন, তাঁদের জন্য রয়েছে বিকল্প ব্যবস্থা।


পোস্ট অফিসে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যায়। পাশাপাশি ডোরস্টেপ বায়োমেট্রিক পরিষেবার মাধ্যমেও বাড়িতে বসে ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি ও জমা দেওয়া সম্ভব। ইপিএফও-র আওতায় থাকা পেনশনভোগীদের জন্যও রয়েছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা।

বাড়িতে বসে কীভাবে আপডেট করবেন লাইফ সার্টিফিকেট?

স্মার্টফোনের মাধ্যমে মুখের ছবি শনাক্ত করে বা ফেস অথেনটিকেশনের সাহায্যে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যায়। এর জন্য কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে।

১. প্রথমে নিজের স্মার্টফোনে আধার ফেসআরডি এবং জীবন প্রমাণ অ্যাপ ডাউনলোড করতে হবে।

২. এর পর জীবন প্রমাণ অ্যাপ খুলে আধার নম্বর, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে।

৩. মোবাইলে একটি ওটিপি আসবে। নির্দিষ্ট জায়গায় সেই ওটিপি দিয়ে পরিচয় যাচাই করতে হবে।

৪. এর পর প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও নম্বর, পেনশন অ্যাকাউন্টের তথ্য এবং সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা পোস্ট অফিসের বিবরণ দিতে হবে।

৫. সমস্ত তথ্য দেওয়ার পর বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় যাচাই করতে হবে। এর জন্য ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস অথেনটিকেশন ব্যবহার করা যাবে।

কীভাবে করবেন ফেস অথেনটিকেশন?

ফেস অথেনটিকেশনের ক্ষেত্রে স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে মুখের লাইভ ছবি স্ক্যান করতে হবে। এই প্রক্রিয়ায় আধার সংক্রান্ত তথ্যের সঙ্গে মুখের ছবি মিলিয়ে পরিচয় যাচাই করা হয়।

পরিচয় যাচাই সফল হলে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এর পর ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা পড়ার বিষয়ে মোবাইলে এসএমএসের মাধ্যমে নিশ্চিত বার্তা আসবে। পাশাপাশি একটি ইউনিক প্রমাণ আইডি দেওয়া হবে।

এই আইডির সাহায্যে জীবন প্রমাণ পোর্টালে লগইন করে নিজের লাইফ সার্টিফিকেটের অবস্থা যাচাই করা যাবে। সেখান থেকেই ডিজিটাল লাইফ সার্টিফিকেটের পিডিএফ কপিও দেখা ও ডাউনলোড করা সম্ভব।

প্রবীণদের জন্য বাড়তি সুবিধা

যাঁদের পক্ষে স্মার্টফোনে ফেস অথেনটিকেশন করা সম্ভব নয়, তাঁরা পোস্ট অফিসের মাধ্যমে কিংবা ডোরস্টেপ বায়োমেট্রিক পরিষেবা ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে নির্দিষ্ট পরিষেবার মাধ্যমে বাড়িতে এসেই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা করা যায়।

অর্থাৎ, বয়স বা শারীরিক অসুবিধার কারণে ব্যাঙ্কে যেতে না পারলেও পেনশনভোগীদের আর চিন্তার কারণ নেই। নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে বাড়িতে বসেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়া সম্ভব। তবে শেষ মুহূর্তের অপেক্ষা না করে নভেম্বর মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করে নেওয়া জরুরি।