প্রথম চাকরিতে যোগ, সরকার দেবে ১৫ হাজার

যুব সমাজকে কর্মসংস্থানে উৎসাহ দিতে একাধিক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা। এই প্রকল্পের আওতায় প্রথম বার চাকরিতে যোগ দেওয়া যুবক-যুবতীরা সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পেতে পারেন। শুধু কর্মীরাই নন, নতুন কর্মী নিয়োগকারী সংস্থার জন্যও রয়েছে আর্থিক সুবিধার ব্যবস্থা।
প্রকল্প অনুযায়ী, প্রথম বার চাকরিতে যোগ দেওয়া যোগ্য কর্মীরা এক মাসের ইপিএফের সমপরিমাণ অর্থ, সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত, উৎসাহ ভাতা হিসেবে পাবেন। এই অর্থ দুই ধাপে দেওয়া হবে। চাকরিতে ছয় মাস পূর্ণ হলে প্রথম কিস্তি মিলবে। বাকি অর্থ পাওয়া যাবে এক বছর চাকরি পূর্ণ করার পর এবং নির্দিষ্ট আর্থিক সচেতনতা কর্মসূচি শেষ করলে।
নতুন কর্মী নিয়োগকারী সংস্থাগুলিও এই প্রকল্পের আওতায় সুবিধা পাবে। প্রতি কর্মী নিয়োগের জন্য মাসে সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। কর্মীর ইপিএফ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে এই সুবিধার পরিমাণ নির্ধারিত হবে। উৎপাদন শিল্পের ক্ষেত্রে নির্দিষ্ট শর্তসাপেক্ষে আরও দীর্ঘ সময় এই উৎসাহ ভাতা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
এই প্রকল্প বাস্তবায়নে কেন্দ্র ৯৯,৪৪৬ কোটি টাকা বরাদ্দ করেছে। ২০২৫ সালের ১ আগস্ট থেকে ২০২৭ সালের ৩১ জুলাইয়ের মধ্যে দুই বছরে সাড়ে তিন কোটির বেশি কর্মসংস্থান তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ১.৯২ কোটি মানুষ প্রথম বার চাকরিতে যোগ দেবেন বলে আশা করছে কেন্দ্র।
প্রথম বার চাকরিতে যোগ দেওয়া কর্মীদের প্রাপ্য অর্থ আধার-ভিত্তিক সরাসরি সুবিধা হস্তান্তর ব্যবস্থার মাধ্যমে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। অন্য দিকে, নিয়োগকারী সংস্থার প্রাপ্য উৎসাহ ভাতা তাদের প্যান-সংযুক্ত অ্যাকাউন্টে জমা করা হবে। ফলে নতুন চাকরিতে যোগ দেওয়া কর্মী এবং নিয়োগকারী—দুই পক্ষই এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সুবিধা পেতে পারেন।