স্বাধীনতার ৮০ বছর উপলক্ষে সোনার মুদ্রা ‘বিরাসত’

PIC- SOCIAL MEDIA

স্বাধীনতার ৮০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ স্মারক সোনার মুদ্রা ‘বিরাসত’ আনল এমএমটিসি-পিএএমপি। ১০ গ্রাম ওজনের এই সীমিত সংস্করণের মুদ্রাটি তৈরি হয়েছে ৯৯৯.৯+ বিশুদ্ধ পুনর্ব্যবহৃত সোনা দিয়ে। দিল্লির তাজ মানসিংহে আয়োজিত অনুষ্ঠানে মুদ্রাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অলিম্পিক্সে রুপোজয়ী এবং তিনবারের কমনওয়েলথ গেমস সোনাজয়ী ভারোত্তোলক মীরাবাই চানু। তাঁকেই ‘বিরাসত’-এর প্রথম মুদ্রাটি সম্মান হিসেবে দেওয়া হয়।
মুদ্রাটিতে উন্নত মানের নকশা ও পালিশ করা রয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতিটি মুদ্রা নিরাপদ প্যাকেজিংয়ে দেওয়া হবে এবং বিশুদ্ধতার প্রমাণপত্রও থাকবে। মাত্র ৮,০০০টি মুদ্রা বাজারে আনা হচ্ছে। এমএমটিসি-পিএএমপি-এর খুচরো বিপণি, অনুমোদিত বিক্রয়কেন্দ্র এবং সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে এটি পাওয়া যাবে। এমএমটিসি-পিএএমপি-র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সমিত গুহ বলেন, ‘বিরাসত’ ভারতের স্থিতিস্থাপকতা, উদ্ভাবন ও সাফল্যের প্রতি শ্রদ্ধার্ঘ্য। মীরাবাই চানুর সাফল্য ও অধ্যবসায়ের সঙ্গে এই উদ্যোগের ভাবনার মিল রয়েছে বলেও জানান তিনি।
দেশে সোনার চাহিদা মেটাতে আমদানিনির্ভরতা কমানো এবং পুনর্ব্যবহৃত সোনাকে প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে সংস্থা। বর্তমানে দেশে তাদের ১৭টি সোনা পুনর্ব্যবহার কেন্দ্র রয়েছে।