১ সেপ্টেম্বর থেকে বড় বদল

বিনিয়োগকারীদের সুবিধা বাড়াতে এবং অনাদায়ী সম্পদের পরিমাণ কমাতে ডিম্যাট অ্যাকাউন্ট ও মিউচুয়াল ফান্ডে নমিনেশন সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আনল ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI)। শুক্রবার জারি করা একটি বিজ্ঞপ্তিতে নতুন নিয়মগুলির কথা জানানো হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই সংশোধিত বিধি কার্যকর হবে বলে জানিয়েছে সেবি।

নতুন নিয়ম অনুযায়ী, একটি ডিম্যাট অ্যাকাউন্ট বা মিউচুয়াল ফান্ড ফোলিওতে সর্বাধিক তিনজন নমিনি রাখা যাবে। এতদিন নমিনেশন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন জটিলতা থাকলেও নতুন ব্যবস্থায় তা আরও সহজ ও স্বচ্ছ করার চেষ্টা করা হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল, ১ সেপ্টেম্বরের পর খোলা নতুন একক মালিকানাধীন (সিঙ্গলি-হেল্ড) ডিম্যাট অ্যাকাউন্ট এবং মিউচুয়াল ফান্ড ফোলিওতে নমিনেশন বাধ্যতামূলক করা হয়েছে। তবে কোনও বিনিয়োগকারী নমিনি রাখতে না চাইলে তাঁকে নির্দিষ্ট পদ্ধতিতে লিখিতভাবে ‘অপ্ট-আউট’ করতে হবে। অর্থাৎ নমিনেশন না করে নতুন অ্যাকাউন্ট বা ফোলিও পরিচালনা করা যাবে না।


অন্যদিকে, যৌথ মালিকানাধীন (জয়েন্ট) ডিম্যাট অ্যাকাউন্ট এবং মিউচুয়াল ফান্ড ফোলিওর ক্ষেত্রে নমিনেশন এখনও ঐচ্ছিক থাকবে। সেক্ষেত্রে নমিনি ঘোষণা বাধ্যতামূলক নয়। তবে নমিনি সংযোজন বা পরিবর্তনের ক্ষেত্রে সব যৌথ অ্যাকাউন্টধারীর সম্মতি বাধ্যতামূলক করা হয়েছে। অ্যাকাউন্ট পরিচালনার ধরন যাই হোক না কেন, নমিনেশন সংক্রান্ত পরিবর্তনের জন্য প্রত্যেক যৌথ মালিকের অনুমোদন প্রয়োজন হবে।

সেবির নতুন নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও বিনিয়োগকারীর মৃত্যু হলে নমিনিরা চাইলে একই ডিম্যাট অ্যাকাউন্ট বা মিউচুয়াল ফান্ড ফোলিও চালিয়ে যেতে পারবেন। বিকল্পভাবে, নিজেদের নামে পৃথক অ্যাকাউন্ট খুলেও সংশ্লিষ্ট সম্পদের মালিকানা গ্রহণ করতে পারবেন।

নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, নতুন নিয়ম বাস্তবায়নের জন্য সমস্ত ডিপোজিটরি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিজেদের প্রযুক্তিগত পরিকাঠামো আপডেট করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় সংশোধন আনতে হবে সংশ্লিষ্ট বিধি ও উপবিধিতেও।

এছাড়া বিনিয়োগকারীরা এখন থেকে অনলাইনে এবং অফলাইনে উভয় পদ্ধতিতেই নমিনেশন সংক্রান্ত আবেদন জমা দিতে পারবেন। অনলাইনে ডিজিটাল সিগনেচার, আধার-ভিত্তিক ই-সাইন অথবা মোবাইল ও ই-মেইলে পাঠানো ওটিপির মাধ্যমে যাচাই করা হবে। অফলাইনে সাধারণ স্বাক্ষরের ক্ষেত্রে আর সাক্ষীর প্রয়োজন হবে না। তবে টিপসই ব্যবহার করলে দু’জন সাক্ষীর স্বাক্ষর বাধ্যতামূলক থাকবে।

সেবির মতে, এই পদক্ষেপের ফলে নমিনেশন প্রক্রিয়া আরও সহজ হবে, উত্তরাধিকার সংক্রান্ত জটিলতা কমবে এবং দীর্ঘদিন ধরে অনাদায়ী অবস্থায় পড়ে থাকা বিনিয়োগ সম্পদের পরিমাণও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।