পেট্রোলে ইথানল মিশছে তো অনেকদিনই, এবার কেন্দ্র চাইছে রান্নাঘরেও আনা হোক বায়োফুয়েল। এলপিজির সঙ্গে ইথানলও এবার রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করার পরিকল্পনা শুরু হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক ইতিমধ্যে ইথানল রান্নার জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য নীতি তৈরিতে কাজ করছে। দেশে এখন প্রচুর ইথানল মজুত আছে, তাই শুধু গাড়িতে নয়, এবার অন্য দিকেও এই জ্বালানিকে কাজে লাগাতে চায় সরকার।
যে কারণে ইথানল রান্নার ব্যবহারে জোর দেওয়া হচ্ছে, তার একটা বড় কারণ হচ্ছে দেশে ইথানল উদ্বৃত্ত আছে। গত কয়েক বছর ধরেই গাড়ির পেট্রোলে ইথানল মেশানো হচ্ছে যাতে ক্রুড অয়েলের উপরে নির্ভরশীলতা কমে। এখন পেট্রোলে ২০ শতাংশ ইথানল মিশছে, একে বলে ই২০ মিশ্রণ। কিন্তু বর্তমানে চাহিদার তুলনায় উৎপাদন বেশি, সেই জন্যই রান্নায় ইথানল আনার কথা ভাবা হয়েছে।
তবে, ইথানল এলেই সঙ্গে সঙ্গে এলপিজি সরে যাবে,এটা ভাবার কারণ নেই। ইথানল ব্যবহার করতে হলে আলাদা স্টোভ, ওভেন লাগবে, কারণ সাধারণ এলপিজির ওভেনে ইথানল ব্যবহার করা যাবে না। ইথানল রাখার জন্য আলাদা কন্টেনারও লাগবে।
এলপিজির বদলে ইথানল আসলে সরকারের হাতে কয়েকটা সুবিধাও হবে—
১. আমদানি কমবে। দেশের এলপিজি চাহিদার বেশির ভাগটাই আসে বাইরে থেকে। ইথানল তৈরি হলে এই নির্ভরশীলতা অনেকটাই কমার আশা।
২. কৃষকেরা লাভবান হবেন। কারণ এই ইথানল আসে আখ আর ভুট্টার মতো ফসল থেকে। উৎপাদন বাড়লে সরাসরি লাভ হবে চাষিদের।
৩. দূষণ কমে। ইথানল তুলনামূলক পরিষ্কার জ্বালানি, তাই পরিবেশও একটু নিঃশ্বাস নিতে পারবে।