উদ্যোগেই ভবিষ্যৎ, জেআইএসে তরুণদের বার্তা শরণ হেগড়ের

Image: SNS

আজকের দিনে চাকরি পাওয়াই আর সাফল্যের একমাত্র সংজ্ঞা নয়। বরং নিজের স্বপ্নকে বিশ্বাস করে নতুন কিছু তৈরি করা, অন্যের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই অনেক তরুণের লক্ষ্য হয়ে উঠছে। সেই স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাই দিল জেআইএস (JIS) এন্টারপ্রেনারশিপ ইনকিউবেশন সেন্টারের উদ্যোগ ‘মেড ইন জেআইএস– সেলিব্রিটি এডিশন ২০২৬’ (JIS)। আর সেই মঞ্চে পড়ুয়াদের সঙ্গে নিজের পথচলার গল্প ভাগ করে নিলেন দেশের অন্যতম জনপ্রিয় পার্সোনাল ফিনান্স কনটেন্ট ক্রিয়েটর এবং ‘দ্য ১% ক্লাব’-এর প্রতিষ্ঠাতা শরণ (Sharan Hegde) হেগড়ে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরিকসনের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট অমিতাভ রায়, জিটিপিএল কেসিবিপিএলের ডিরেক্টর ও ব্লব-এর প্রতিষ্ঠাতা অঙ্কিত আগরওয়াল এবং জেআইএস-এর (JIS) কর্পোরেট রিলেশনস ডিরেক্টর জসপ্রীত কৌর। উদ্যোক্তা হওয়ার বাস্তব অভিজ্ঞতা, প্রযুক্তির বদলে যাওয়া দুনিয়া এবং স্টার্ট-আপ গড়ে তোলার নানা দিক নিয়ে পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরাও।

আরও পড়ুন: ট্রাম্পের নতুন শুল্ক নীতিকে ঘিরে আইনি জটিলতা, আদালতে ২৫ মার্কিন অঙ্গরাজ্য


বুধবার নিউ টাউনের জেআইএস ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতার চেয়ে গল্পই যেন বেশি শোনা গেল। মঞ্চে উঠে শরণ  (Sharan Hegde) কোনও ভারী তত্ত্বের কথা বলেননি। বরং বলেছিলেন নিজের শুরুটা কী ভাবে হয়েছিল, কতবার ভুল করেছেন, কতবার পরিকল্পনা বদলাতে হয়েছে, আর সেই সব অভিজ্ঞতাই কী ভাবে তাঁকে আজকের জায়গায় পৌঁছে দিয়েছে। একটি ছোট ডিজিটাল কমিউনিটি থেকে ‘দ্য ১% ক্লাব’-এর মতো সফল ফিনটেক সংস্থা গড়ে তোলার গল্প শুনতে মগ্ন ছিলেন উপস্থিত পড়ুয়ারা।

কথা বলতে বলতে তিনি বারবার ফিরে গিয়েছেন একটি বিষয়েই— ভালো আইডিয়া থাকলেই হয় না, সেই আইডিয়ার পিছনে লেগে থাকার মানসিকতাই আসল। ব্যবসা শুরু করতে গেলে ঝুঁকি থাকবে, ব্যর্থতাও আসবে। কিন্তু সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই একজন উদ্যোক্তার সবচেয়ে বড় শক্তি। ব্যক্তিগত অর্থব্যবস্থাপনা, সঠিক সময়ে বিনিয়োগ, নিজের ব্র্যান্ড তৈরি এবং মানুষের আস্থা অর্জনের গুরুত্বও তুলে ধরেন তিনি। একই সঙ্গে বর্তমান সময়ের ‘ক্রিয়েটর ইকোনমি’ কী ভাবে তরুণদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুন: এবার কলেজে ঢুকলেই সরকার দেবে ফ্রি ল্যাপটপ, বড় আপডেট শিক্ষায়

জেআইএস (JIS) এন্টারপ্রেনারশিপ ইনকিউবেশন সেন্টারের এই বার্ষিক উদ্যোগের উদ্দেশ্য, তরুণদের শুধু উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখানো নয়, সেই স্বপ্ন বাস্তবায়নের পথও দেখানো। প্রতিষ্ঠাতা, শিল্পপতি, বিনিয়োগকারী এবং মেন্টরদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দিয়ে নতুন ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার পরিবেশ তৈরি করাই এই উদ্যোগের লক্ষ্য।

অনুষ্ঠান শেষে অনেক পড়ুয়াকেই শরণ হেগড়ের (Sharan Hegde) সঙ্গে কথা বলতে, প্রশ্ন করতে এবং পরামর্শ নিতে দেখা যায়। কারও কাছে দিনটি ছিল অনুপ্রেরণার, কারও কাছে আবার নিজের বহুদিনের স্বপ্নকে নতুন করে ভাবার সুযোগ। সেই অর্থে, এটি শুধু একটি মোটিভেশনাল সেশন ছিল না; বরং নতুন প্রজন্মকে উদ্যোগের পথে হাঁটার সাহস জোগানোর এক ব্যবস্থা।

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/Rg_R3ZhpYrA?si=5p9OZCgUBr2_lnbt” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>