কলকাতার প্রথম বুটিক খুলল রোমের বিখ্যাত বিলাসবহুল গয়না প্রস্তুতকারক ব্র্যান্ড ‘বুলগারি’। ১১৫ বর্গমিটার এলাকা জুড়ে তৈরি এই বুটিক ভারতে ব্র্যান্ডটির সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। কলকাতার শিল্প, সংস্কৃতি ও স্থাপত্যের ঐতিহ্যের সঙ্গে ইতালীয় কারুশিল্পের মেলবন্ধন ঘটানো হয়েছে এই নতুন বিপণিকেন্দ্রে।
কোয়েস্ট মলে অবস্থিত বুটিকটির নকশায় রোমের ঐতিহাসিক স্থাপত্যের ছাপ রয়েছে। ট্রাভার্টিনো পাথরের তোরণ, অনিক্স মার্বেলের কাউন্টার এবং প্রাচীন রোমান স্তম্ভের আদলে তৈরি নকশা জায়গাটিকে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছে। প্রায় ৩০০টি ক্রিস্টাল দণ্ড ও মুরানো কাচ দিয়ে তৈরি ‘সারপেন্টি’ ঝাড়বাতিও রয়েছে সেখানে। পাশাপাশি অ্যান্ডি ওয়ারহলের শিল্পকর্ম বুটিকের সাংস্কৃতিক আবহকে আরও সমৃদ্ধ করেছে। কলকাতার অন্যতম ঐতিহাসিক নিদর্শন ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশাপাশি রোমের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপত্যকে মানচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। শিল্পী পিক তালাবের হাতে তৈরি এই শিল্পকর্মে ত্রিমাত্রিক মোটিফ ও সোনার পাতের ব্যবহার রয়েছে।
নতুন বুটিকে বুলগারির গয়না, ঘড়ি, অ্যাক্সেসরিজ ও বিলাসবহুল চামড়াজাত পণ্য পাওয়া যাবে।
কলকাতায় রোমের বুলগারি
উদ্বোধনী অনুষ্ঠানে বুলগারি পশ্চিম এশিয়া, আফ্রিকা ও ভারতের ম্যানেজিং ডিরেক্টর স্টেফান লারহার বলেন, কলকাতার শিল্প, সংস্কৃতি ও কারুশিল্পের ঐতিহ্য সংস্থাকে মুগ্ধ করেছে। ভারতে বুলগারির সম্প্রসারণে কলকাতার নতুন বুটিক একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দিল্লি, মুম্বই ও হায়দরাবাদের পর কলকাতা ভারতে বুলগারির চতুর্থ গন্তব্য।