অবশেষে অনেকদিন বাদে বাজারে ফিরল ষাঁড়ের দাপট। আর তাতেই যেন স্বস্তি পেলেন বিনিয়োগকারীরা। দীর্ঘদিন বাদে চাঙ্গা হল সেনসেক্স নিফটি। যদিও এর নেপথ্যের মূল কারণ আমেরিকা- ইরা্ন শান্তিচুক্তি। ১০৭ দিনের যুদ্ধের পরে এই শান্তিচুক্তি নিয়ে এগিয়েছে ২ দেশই।
আজ বেলা ১২.৪৫ নাগাদ ভারতের শেয়ার বাজারের সূচক সেনসেক্স ৯৪১.৬৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে পৌঁছে যায় ৭৬,৪৬৯.৬০ পয়েন্টে। পাল্লা দিয়ে লাফ মারে নিফটিও। ২৮৮.৫৫ পয়েন্ট বা ১.২২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৩,৯১১.৪৫ তে পৌঁছে যায় নিফটি। এনএসইর প্রতিটা সেক্টরই আজ সকাল থেকেই ছিল সবুজে। যা স্বস্তি দিয়েছে বিনিয়োগকারীদের। দীর্ঘ সময় ধরে বাজারে দাপট দেখাচ্ছিল ভাল্লুক। কিন্তু অবশেষে ষাড়েঁর দাপট ফিরে আসার পরে বাজারে যে আগামীতে ঝড় উঠতে চলেছে তা স্পষ্ট হয়েছে।
আজ এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের দাম বেড়েছে প্রায় ২ শতাংশের কাছাকাছি। যদিও অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে আরবিআইয়ের নতুন এনআরআই স্কিমের জন্য বাজারে একটা আশাব্যঞ্জক পরিবর্তন এসেছে। কারণ এই পদক্ষেপের ফলে দেশের বাজারে দীর্ঘমেয়াদী বিদেশি টাকা বিনিয়োগে আকৃষ্ট হবে অনেকেই। যা অনেকটাই সুবিধা দেবে। তারই প্রভাব পড়েছে এইচডিএফসির শেয়ারে। যদিও লারসেন অ্যান্ড টাব্রো ৩.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমাও কার্যত সাপে বড় হয়েছে বিনিয়োগকারীদের কাছে। সেই সুবিধাও আজ পেয়েছে ভারতের শেয়ার বাজার।
তবে কেবল অপরিশোধিত তেলের দাম কম নয়, সেই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পেয়েছে ভারতীয় টাকার দাম। সেই সঙ্গে ৪ শতাংশ কমে এসেছে ইন্ডিয়া ভিআইএক্স গ্রাফ। যা অনেকটাই স্বস্তিদায়ক। আজকের বাজারের এই পরিস্থিতি কার্যত বিনিয়োগকারীদের নতুন করে বিনিয়োগে আকৃষ্ট করবে। এতদিন পর্যন্ত বিনিয়োগকারীরা বাজারের অবস্থার দিকে নজর রাখছিলেন বেশি। কিছুক্ষেত্রে নগদ টাকার প্রয়োজনে লসেও বিক্রি করতে বাধ্য হচ্ছিলেন। তবে এবারে পরিস্থিতি কিছুটা হলেও পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে। যদিও দীর্ঘ দিন ধরে বাজারের এই ঝিমুনি থাকার ফলে কিছুটা প্রভাব পড়েছে অর্থনীতিতেও। বিশেষজ্ঞদের মতে দ্রুত বদলাবে এই পরিস্থিতি।
সেনসেক্স নিফটির পাশাপাশি আজ সকাল থেকেই পাল্লা দিয়ে দৌড়চ্ছে হ্যাং সেই। এখনও পর্যন্ত ১২৪.৫৫৭ পয়েন্ট, শতাংশের বিচারেে ০.৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই সূচক। অন্যদিকে নিক্কেই ৬৯,৩১৭.৫০ পয়েন্টে রয়েছে এখনও পর্যন্ত। এটিও আজ লাফ মেরেছে ৪.৯৯ শতাংশ । বা অঙ্কের হিসেবে ৩২৯৭.৪৬ পয়েন্ট। আর সেই সুযোগের সদব্যবহার করেছে ভারতের দালাল স্ট্রিটও। কার্যত এশিয়ান মার্কেটই আজ সকাল থেকেই ঘুরে দাঁড়িয়েছে। আর সেই কারণেই স্বস্তি ফিরেছে ভারতে।